বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এক বৈঠকে মন্তব্য করেছেন, ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই । রবিবার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। সংস্কার নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাইকে একমত হতে হবে এ ধরণের যারা চিন্তা করেছে, তারা বাকশালী চিন্তার অনুসারী। যেটা করেছিলেন শেখ হাসিনার পিতা।
ভিন্ন দলের ভিন্ন দর্শন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকের চিন্তা, ভাবনা এবং মতামতে ভিন্নতা থাকবে। ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হলে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। সেইসাথে আসতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে। সুতরাং যেগুলো ঐকমত্য হয়েছে, সে বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না? এটাই প্রশ্ন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, ইতোমধ্যে সবাই সংস্কার প্রস্তাব সাবমিট করে দিয়েছে। অনেকদিন সময় চলে গিয়েছে এবং আলোচনাও শেষ। জাতি জানবে, ঐকমত্যের ভিত্তিতে সনদ সই করে নির্বাচনের দিকে এগিয়েছি আমরা। তাই যত দ্রুত সম্ভব নির্বাচনী রোডম্যাপ দিয়ে আমরা গণতন্ত্রের দিকে এগোচ্ছি এ বিষয়ে জনগণকে আশ্বস্ত করতে হবে।